অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল দাবি করছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে পূরণ না হলে রাজপথে ফয়সালা হবে। তার মতে, এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল যৌথভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপি বারবার ঘোষণা দিয়েছে যে, সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যেসব প্রস্তাব নিয়ে গণভোটের কথা বলা হচ্ছে, তার কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাবে দলটি কখনোই সম্মত ছিল না। এ বিষয়ে আগেই বিএনপি তাদের আপত্তির কথা জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যে দল জনগণের ভোটে নির্বাচিত হবে, তারা নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। তিনি বলেন, বিএনপি যেমন ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও অঙ্গীকারবদ্ধ।
সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক সংস্কারের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বিএনপির হাত ধরেই এসেছে। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের কৃতিত্ব বিএনপির বলে তিনি দাবি করেন।
অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজন বক্তব্য দেন। শেষে প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।