‘দুই নম্বর জমিতে যেমন এক নম্বর ফসল হয় না, দুই নম্বর ওস্তাদের কাছে যেমন এক নম্বর ছাত্র গড়ে ওঠে না, তেমনি দুই নম্বর নেতার নেতৃত্বে দেশ কখনো এক নম্বর হতে পারে না। এটা হবে না, সম্ভব নয়।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম এ মন্তব্য করেছেন।
রোববার (১৬ আগস্ট) কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশের মাটিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় ইসলামী আন্দোলন। কোনো আমেরিকার রক্তচক্ষু, কোনো ভারতের রক্তচক্ষু ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকবে না।’
সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বারবার শাসনব্যবস্থার পরিবর্তন হলেও দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়নি। ব্রিটিশ শাসনের পরিবর্তন, পাকিস্তান থেকে পরিবর্তন এবং ২০২৪ সালের শাসন পরিবর্তনের পরও দেশে দুর্নীতি ও চুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘শাসক বারবার পরিবর্তন হয়, কিন্তু আমাদের দুর্নীতির পরিবর্তন করতে পারিনি। আসলে সরিষায় যদি ভূত থাকে, সেই সরিষা দিয়ে ভূত ছাড়ানো যায় না।’
দুর্নীতির জন্য রাজনৈতিক দলকে ব্যবহারের সমালোচনা করে ফয়জুল করীম বলেন, ‘আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্ত। দলের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা দল কেন করি? দল করি দুর্নীতির জন্য—এদেশে চাঁদাবাজি আমি করব, এই এলাকার চাঁদা আমি তুলব, এই ঘাট আমি দখল করব। যদি উদ্দেশ্য এমন হয়, তাহলে দেশে শান্তি আসবে কীভাবে?’
তিনি আরও বলেন, এ ধরনের রাজনৈতিক সংস্কৃতির কারণে কিছুসংখ্যক মানুষ ব্যক্তিগতভাবে লাভবান হলেও দেশের অধিকাংশ মানুষের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তিনি রাজনৈতিক নেতৃত্বে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির সংস্কৃতি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।