অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের সময় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি করাকে ‘হটকারিতা’ হিসেবে দেখার সুযোগ নেই।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সংসদে এবং সংসদের বাইরে তাদের বক্তব্য তুলে ধরবে—এটাই স্বাভাবিক। তবে দেশে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে তিনি সাংবাদিক ও গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব সাংবাদিক শহীদ ও আহত হয়েছেন, সরকারকে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকদের জন্য নেওয়া উদ্যোগগুলোও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, সাংবাদিকদের চাওয়ার খুব বেশি কিছু নেই। তারা শুধু স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান।