স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। তিনি বলেন, “আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক মতবিনিময়সভায় মন্ত্রী এই মন্তব্য করেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা দেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত। দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক উন্নয়ন নিশ্চিত করতে সকলের সহযোগিতা অপরিহার্য। নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা সামাজিক চুক্তি।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ই জোর দেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠন সম্ভব এবং মন্ত্রণালয়ের সক্রিয় উদ্যোগই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হতে পারে।