প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১১:২২ পি.এম
চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

অনলাইন নিউজ ডেস্ক
ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। যা টাকার অঙ্কে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে।
ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে, বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালায়। সেইসঙ্গে ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যায়।
এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেয়ায় তার মালামালও হাতিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু আস্থাভাজন পরিচয় দিয়ে সাভারে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে কথা বলতে চাইলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোনও মন্তব্য করেননি। পরবর্তীতে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, এ বিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24