ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন এন্দ্রিকের জন্য গত সপ্তাহটা ছিল রীতিমতো স্বপ্নের মতো! একদিকে কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে তিনি থাকছেন; অন্যদিকে, ফরাসি ক্লাব লিওঁকে এক আবেগপূর্ণ বিদায়বার্তা দিয়ে আবারও রিয়াল মাদ্রিদে ফিরে এসেছেন এই ফরোয়ার্ড।
সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এক ভিডিও বার্তায় এন্দ্রিক বলেন, "অবশেষে বিদায় বলার সময় এলো। আমি ফিরে যাচ্ছি, তবে আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে। এই শহরটা চিরকাল আমার হৃদয়ে ও স্মৃতিতে অম্লান থাকবে।"
রিয়াল মাদ্রিদে খেলার পর্যাপ্ত সুযোগ না পাওয়া এবং ইনজুরির কারণে গত মৌসুমের মাঝামাঝি সময়ে ধারে লিওঁতে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার প্রধান উদ্দেশ্য ছিল নিয়মিত মাঠে নেমে নিজেকে প্রমাণ করা, যাতে বিশ্বকাপ দলে জায়গা পাকা করা যায়। বলা বাহুল্য, সেই লক্ষ্য পূরণে তিনি শতভাগ সফল।

ব্রাজিলিয়ান স্পোর্টস আউটলেট ‘জিই’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এন্দ্রিক তার লিওঁতে ঘুরে দাঁড়ানো এবং ছোটবেলার নানা ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, "বিশ্বকাপে সুযোগ পাওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। তবে এটা কোনো লটারি জয় নয়, বরং কঠোর পরিশ্রমের পুরস্কার। একসময় আমার পরিবারকে চাকরিহীন অবস্থায় অচেনা শহরে চরম সংগ্রাম করতে হয়েছে। দল থেকে বাদ পড়ার তিক্ত স্বাদও আমি পেয়েছি। গত ১০টা বছর প্রচণ্ড চাপের মধ্যে নিজেকে প্রমাণ করেই আজ এই অবস্থানে পৌঁছেছি।"
ফরাসি ক্লাব লিওঁর জার্সিতে মাত্র ১৬টি লিগ ম্যাচ খেলে ১২টি গোলে সরাসরি অবদান রেখেছেন এন্দ্রিক। শুধু গোলই নয়, তার দুর্দান্ত ড্রিবলিং, প্লে-মেকিং এবং ডিফেন্ডারদের বোকা বানানোর দক্ষতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অনেকেই তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে মানছেন।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর মতে, অল্প সময়ের মধ্যেই লিওঁ সমর্থকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি, ক্লাব এবং শহরটির প্রতিও তার এক গভীর টান তৈরি হয়েছে।
আগামী মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মূল দলেই দেখা যাবে এন্দ্রিককে। স্প্যানিশ জায়ান্টদের প্রত্যাশা, লিওঁ থেকে পাওয়া এই আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা তাকে রিয়ালের জার্সিতে নতুনভাবে জ্বলে উঠতে দারুণভাবে সাহায্য করবে।