অনলাইন নিউজ ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও সেতু নির্মাণ ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারের তিন মাসে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। জনগণের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে আধুনিক ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির নির্মাণ ব্যয় প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ প্রকল্পটি বাস্তবায়ন করে এবং নির্মাণকাজ সম্পন্ন করে স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের ২ হাজার মিটার পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থলও পরিদর্শন করেন তিনি।