অনলাইন নিউজ ডেস্ক
সমাবেশে প্রধান বক্তা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় ও “জুলাই সনদ” বাস্তবায়ন করতে হবে। সংসদে সমাধান না হলে তারা মাঠে-ময়দানে গিয়ে জনগণের সঙ্গে কথা বলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি। তিনি তরুণদের উদ্দেশে বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে আবারও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে তিনি দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণের যে সংস্কারমূলক রায় এসেছে, সরকার তা বাস্তবায়ন করছে না এবং রাষ্ট্রে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তিনি সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) অলি আহমদ, যিনি দুর্নীতি, দলীয়করণ ও প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার দাবি জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক প্রতারণা হয়েছে বলে দাবি করেন এবং জনগণের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন, যেখানে তারা রাষ্ট্র সংস্কার, দুর্নীতিবিরোধী পদক্ষেপ, বিচার প্রক্রিয়া ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।