অনলাইন নিউজ ডেস্ক
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সোমবার (২০ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের জন্য নির্ধারিত উন্মুক্ত প্রাঙ্গণে সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিভিন্ন টেবিলে গিয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরাও অংশ নেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক জোট ও ইসলামী দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।