দীর্ঘ সময় পর শ্বশুরবাড়ি সিলেটে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত শাহজালাল-শাহ পরানের মাজার
প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুরবাড়ি সিলেট যাচ্ছেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে তার আগমনকে কেন্দ্র করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.) মাজার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পুরো সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) এবং পরে হজরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর সেখান থেকে দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেবেন।
এ উপলক্ষে মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দুই মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও জনসমাগম বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে জানান, "তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি আজ রাতে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল ও শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন এবং পরে শ্বশুরবাড়িতে যাবেন।"
তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সশরীরে কাছে পাওয়াকে ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।