অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম সংসদে ‘এটা শাহবাগ নয়’ মন্তব্যের সমালোচনা করে বলেছেন, এ ধরনের বক্তব্য জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল।
রোববার (২১ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল হান্নান মাসউদ-এর বক্তব্য সংসদীয় বিধি অতিক্রম করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে ‘এটা শাহবাগ নয়’—এ ধরনের মন্তব্য জুলাইয়ের রাজপথ ও আন্দোলনের গুরুত্বকে খাটো করে দেখার ইঙ্গিত বহন করে।
সারজিস আলম দাবি করেন, অতীতে রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাহীনতার কারণে জনগণ বিভিন্ন আন্দোলনে প্রত্যাশিতভাবে সাড়া দেয়নি। তবে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের পথ তৈরি করেছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে সারা দেশে ছড়িয়ে পড়া জুলাই আন্দোলনের রাজপথই রাজনৈতিক দলগুলোর পুনরুত্থান, নির্বাচনে অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি করেছে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বক্তব্য পছন্দ না হলে বা বিধিবহির্ভূত হলে সংসদীয় নিয়ম অনুযায়ী তা সংশোধন করা উচিত। কিন্তু শাহবাগ বা জুলাইয়ের রাজপথকে বিদ্রূপ বা অবমূল্যায়ন করে মন্তব্য করা থেকে বিরত থাকা প্রয়োজন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, ২০২৪ সালের শাহবাগ কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়; এটি ছিল পরিবর্তনের প্রত্যাশায় রাজপথে নেমে আসা ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রবিন্দু।