অনলাইন নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংগঠনটি।
এছাড়া আগামী ৪ জুলাই দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। এর আগে সেখানে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, দেশে এখনো বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত রয়েছে এবং ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি এবং বিচার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের। সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে। বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আযাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ১১ দলের নেতাকর্মীদের ওপর সরকারি দলের লোকজন হামলা চালাচ্ছে। রাজধানীর সমাবেশ থেকে এসব হামলা ও হত্যাকাণ্ডের বিচার দাবি জানানো হবে।
তিনি নৃশংসতা, সরকারের ব্যর্থতা এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ৪ জুলাইয়ের কর্মসূচিতেও গুম, খুন ও হত্যার বিচার, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।