অনলাইন নিউজ ডেস্ক
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনার মধ্যেই কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।’ একই বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরাকে তিনি আবেগের জায়গা হিসেবে দেখেন। পাশাপাশি তিনি রসাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, তার নিজ জেলা কুষ্টিয়া ‘৬৪ নম্বরে’ থাকবে, কারণ সেখানে ‘সব গাজার (মাদক) আড্ডা’ রয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গও টেনে আনছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্ত দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এবং ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।
তার ভাষ্য অনুযায়ী, ওই সময় তার গাড়িচালক এবং দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে কক্ষ থেকে বেরিয়ে যান। পরে তিনি ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাদের কক্ষে প্রবেশ করেন। গাজী নজরুল ইসলামের দাবি, এরপরের ঘটনাকে কেন্দ্র করেই ভিডিওটি ধারণ ও পরে বিকৃত ব্যাখ্যাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা বা সংশ্লিষ্ট পক্ষগুলোর সব দাবি যাচাই করা সম্ভব হয়নি।