
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের অবদান যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অবৈধ নির্বাচন প্রতিহত করা, হরতাল-অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে মাঠে ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম এবং আদালতের বারান্দায় দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাঁরাই। অথচ বর্তমানে দলের সুসময় আসার পর সুবিধাভোগীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জায়গা করে নিচ্ছেন।
স্বপনের দাবি, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের অনেকেই এখন অবমূল্যায়নের শিকার হচ্ছেন। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি ধরে রাখতে হলে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় তৃণমূলের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।
যুবদল নেতা আশা প্রকাশ করেন, দলের নীতিনির্ধারকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে থাকা কর্মীদের প্রাপ্য সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করবেন।