অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার (২৩ জুন) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সম্প্রতি তিনি ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন এবং সেখানে একটি চেয়ার দেখেছেন, যা তার ভাষ্য অনুযায়ী বিরোধী নেতাদের ওপর নির্যাতনের কাজে ব্যবহৃত হতো। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানান তিনি।
রেহানা আক্তার রানু বলেন, শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় ফিরলে বিরোধী মতাবলম্বীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। তিনি বিরোধী দলগুলোর প্রতি বর্তমান সরকারের প্রতি আস্থা রাখা এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড় দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে তা কমাতে অনীহা দেখান বলে মন্তব্য করে বাজার তদারকি আরও জোরদারের দাবি জানান তিনি।
ব্যাংক খাতের অনিয়মের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, কিছু ব্যক্তি ব্যাংক খাত থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন, যার ফলে সাধারণ গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তিনি।