অনলাইন নিউজ ডেস্ক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার জুলাই যোদ্ধাদের সব ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করেছে, যা কার্যত তাদের রাজনৈতিক সুরক্ষাও নিশ্চিত করে।
মঙ্গলবার (২৩ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
এর আগে, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা বিষয়ে ব্যাখ্যা চাইলে আইনমন্ত্রী সংসদে এই বক্তব্য দেন।
মন্ত্রী বলেন, সরকারের প্রতিটি পদক্ষেপই একটি রাজনৈতিক দলিল ও জননীতির অংশ। বর্তমান সরকার জুলাই চেতনায় বিশ্বাসী উল্লেখ করে তিনি জানান, জুলাই যোদ্ধাদের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, যা একই সঙ্গে রাজনৈতিক সুরক্ষার অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, যদি সংসদ সদস্য রোকেয়া বেগম অতিরিক্ত কোনো সুরক্ষার সুপারিশ করেন, সরকার তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে রোকেয়া বেগম অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের জন্য আইনি সুরক্ষা থাকলেও রাজনৈতিক সুরক্ষা এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত হয়নি। তার এই বক্তব্যের প্রেক্ষিতেই আইনমন্ত্রী সংসদে ব্যাখ্যা দেন।