অনলাইন নিউজ ডেস্ক
বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ফরাসি ফুটবলে নেমে এসেছে গভীর শোক। নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সী ফুটবলার কেনজো কিয়েস। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুঁইগাম্পের এই তরুণ খেলোয়াড়কে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে গরম থেকে স্বস্তি পেতে তিন বন্ধুকে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।
নদীতে নামার পর চার বন্ধু প্রবল স্রোতের কবলে পড়েন। উদ্ধারকারী দল দ্রুত তিনজনকে নিরাপদে তুলতে সক্ষম হলেও কেনজোকে খুঁজে পেতে কিছুটা সময় লেগে যায়। পরে দমকলকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু জানিয়েছেন, গত সপ্তাহে শুরু হওয়া তাপপ্রবাহের সময় পানিতে ডুবে যাওয়ার বিভিন্ন ঘটনায় ইতোমধ্যে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
কেনজো কিয়েসের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ফ্রান্সের দুই ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক লিঁও ও এএস সাঁ-এতিয়েনের যুব একাডেমিতে। পরে তিনি গুঁইগাম্পে যোগ দেন এবং ক্লাবটির রিজার্ভ দলের হয়ে খেলছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গুঁইগাম্প। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের তরুণ খেলোয়াড় কেনজো কিয়েসের মৃত্যুর সংবাদ আমরা গভীর বেদনার সঙ্গে গ্রহণ করেছি।’ একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ক্লাবটি।
অন্যদিকে সাঁ-এতিয়েনও এক আবেগঘন বার্তায় তাদের সাবেক একাডেমি ফুটবলারকে স্মরণ করেছে। ক্লাবটির ভাষ্য, ‘সবুজ পরিবারের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। সাত বছর আমাদের সঙ্গে কাটানো প্রতিভাবান ও বিনয়ী এই তরুণকে আমরা হারালাম এক মর্মান্তিক দুর্ঘটনায়। তার সতীর্থ, কোচ এবং পরিচিত সবাই তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবে।’
প্রতিশ্রুতিশীল এক তরুণ ফুটবলারের এমন অকাল মৃত্যু ফরাসি ফুটবল অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।