অনলাইন নিউজ ডেস্ক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক একসঙ্গে আন্দোলন করলে এক সপ্তাহের মধ্যেই সরকারের পতন ঘটতে পারে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য দীর্ঘদিন ধরে তিনি পর্যবেক্ষণ করেছেন। তার দাবি, এই তিন নেতা একসঙ্গে আন্দোলনে নামলে অল্প সময়ের মধ্যেই লাখো মানুষের সমাবেশ ঘটানো সম্ভব হবে, যা সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় বা ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। তিনি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের রেকর্ড যাচাইয়েরও আহ্বান জানান।
রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ একই ব্যক্তির হাতে না রাখার প্রস্তাব তাদের রয়েছে। এ বিষয়ে ১১ দলীয় জোটের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।
সমাবেশে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রসঙ্গও তুলে ধরেন অলি আহমদ। এ বিষয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।