অনলাইন নিউজ ডেস্ক
রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে জেলে বা আটক না থাকেন, বর্তমান সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক রাখা বন্ধ করার আহ্বান জানানো হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।
জবাবে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে দেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি। এর সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি ও দলটির নেতাকর্মীরা। তাই বর্তমান বা ভবিষ্যতে আগের ‘ফ্যাসিস্ট আমল’ ফিরে আসুক, সরকার তা কখনোই চায় না।
তিনি বলেন, সরকার সবার ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করতে এবং প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করতে চায়।
জুলাই-আগস্টের ঘটনা ও অভ্যুত্থানের পর বিভিন্ন মামলা দায়েরের প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, যেসব মামলা আইনগতভাবে হওয়ার কথা ছিল, সেগুলো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে।
তবে অনেক মামলা ‘অতি উৎসাহী’ হয়ে দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব মামলা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো মামলায় সত্যতা বা আইনগত ভিত্তি পাওয়া না গেলে পর্যালোচনার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শামা ওবায়েদ বলেন, মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট এবং জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধী দল, আওয়ামী লীগ কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের সদস্যই হোক না কেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে বা আটক না থাকেন—সরকার তা নিশ্চিত করবে।