অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি; দেশ আগের অবস্থাতেই রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি দাবি করেন, সরকার জনগণের ৭০ শতাংশের দেওয়া গণভোটের রায়কে উপেক্ষা করেছে। তাঁর ভাষায়, এ কারণেই দেশের পরিস্থিতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। এ বিষয়ে জনগণকে সচেতন করতে বিরোধী দল হিসেবে তারা মাঠে নেমেছেন বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি দেশবাসীকে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, দেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি গাইবান্ধা ও লক্ষীপুরের সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন।
সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে তারা সহযোগিতা করবে। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রতিবাদ করা হবে এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা নীরব থাকবে না এবং জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।