অনলাইন নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নোটিশ পাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।
বৃহস্পতিবার (২৫ জুন) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে পৃথক পৃথক চিঠি সংশ্লিষ্ট সাতটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।
ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা না দেওয়ায় গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের অনুরোধ করা হয়। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে বলা হলেও সংশ্লিষ্ট দলগুলো নির্ধারিত সময়ের মধ্যেও তা দাখিল করেনি।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দিলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে অতিরিক্ত সময় দিতে পারে। এরপরও হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
নোটিশে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। একই সঙ্গে এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।