অনলাইন নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী মামলাকে কেন্দ্র করে অনিয়মের সঙ্গে জড়িত। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, একটি মামলায় জামিন পাওয়ার পরপরই আবার নতুন মামলায় আসামি করা হচ্ছে। তাঁর ভাষায়, দেশে ‘শো অ্যারেস্ট’ সংস্কৃতি চালু হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন। বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছেন এবং সরকারের সংশ্লিষ্ট মহলকেও অবহিত করবেন বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “কোনো কিছুই নজর এড়ায় না এবং কোনো অপরাধই শাস্তি ছাড়া থাকে না। আজ যা করা হচ্ছে, একদিন তারও জবাবদিহি করতে হবে।”
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। তিনি বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।