কক্সবাজার ও গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘গ্রিন সিগন্যাল’ এবং পুলিশের সহযোগিতায় কক্সবাজার ও গাজীপুরে ছাত্রলীগের মিছিল হয়েছে।
সারজিস আলম তার পোস্টে বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের নির্যাতন, গুম, খুন ও দমন-পীড়নের বিষয়গুলো এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের ত্যাগের কথাও তিনি স্মরণ করেন।
তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর অতীতে যে নির্যাতন হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ভুলে যাওয়া ঠিক হবে না।
তবে সারজিস আলমের এসব অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।