অনলাইন নিউজ ডেস্ক
ফেনীর ছাগলনাইয়ার ঘোপালে জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার ছাদেক মিয়ার দুই ছেলে শাহাদাত ও মামুন।
নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল জানান, শুক্রবার পারভেজ তার দোকানে কাজের জন্য অভিযুক্তদের এক ছোট ভাইকে প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মামুন তার ছোট ভাইকে মারধর করেন। পরে রাতে মোবাইল ফোন দেওয়াকে কেন্দ্র করে পারভেজ ও মামুনের মধ্যে বাকবিতণ্ডা হয়, একপর্যায়ে সংঘর্ষও ঘটে।
নিহতের বাবা আবু তাহের বলেন, পূর্বের একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে পারভেজ ও মামুন কারাভোগ করেছিলেন। মুক্তির পর স্থানীয় দোকান ও আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সর্বশেষ শুক্রবার রাত ২টার পর বাড়ি ফেরার পথে পারভেজকে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে তিনি দাবি করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।