অনলাইন নিউজ ডেস্ক
আজ শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। মালয়েশিয়া ও চীন সফরে তিনি বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করেছেন বলে জানান।
সংসদের ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে সামনে রেখে তিনি সব সময় দেশের স্বার্থে কাজ করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এ সফরে যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি আমার ব্যক্তিগত নয়; এটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।’
সংসদের পক্ষ থেকে সফরের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানানো হলে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকার দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিরোধীদলীয় নেতাও দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। পরে এ বিষয়ে আলোচনা শেষে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও সফরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।
কণ্ঠভোটের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে হওয়া আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।