অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন। মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন এবং পরে কার্যালয়ের গঠন ও কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের মানুষ সরকারের প্রতি উচ্চ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অবিচ্ছেদ্য অংশ—তাদের সক্রিয় সহযোগিতা ছাড়া সরকারের লক্ষ্য অর্জন সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। তাই ইশতেহারে উল্লিখিত স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ সব অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তারা নিরাপদ বোধ করে। দুর্নীতি নির্মূলে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন, যাতে দেশকে একটি সুশৃঙ্খল অবস্থায় এগিয়ে নেওয়া যায়।