অনলাইন নিউজ ডেস্ক
চীনের সঙ্গে স্বাক্ষরিত চারটি সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়া খাতে গুণগত পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এসব চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে তথ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি গণমাধ্যমে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যৌথ গবেষণার ক্ষেত্রেও দুই দেশ একমত হয়েছে।
মন্ত্রী বলেন, “চীনের মতো প্রযুক্তিনির্ভর একটি দেশের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের নিউ মিডিয়া খাতের সক্ষমতা বৃদ্ধি ও গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
গত বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩টি সমঝোতা স্মারকে সই হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট চারটি সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকারের কাছ থেকে বাংলাদেশ প্রতিনিধি দল যে সম্মান ও গুরুত্ব পেয়েছে, তা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ইঙ্গিত বহন করে। এই সহযোগিতা বাংলাদেশের অর্থনীতি, প্রযুক্তি, গণমাধ্যম এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী জানান, সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রতিনিধি দলের প্রতি চীনের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
জহির উদ্দিন স্বপনের ভাষ্য অনুযায়ী, বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং মন্তব্য করেছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশ করবে। তাঁর মতে, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে।