অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের পর অনেকেই নিজেদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে যারা অবস্থান বদলেছেন, তাদের কেউ কেউ বিভিন্ন অপকর্মেও জড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ভবনে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পাঁচ মাস পরও সমাজে ঘুষ-দুর্নীতিসহ নানা অনিয়ম আগের মতোই চলছে। তার ভাষায়, পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই উদ্যোগ সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমানের প্রত্যাশিত উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলে ক্ষমতা ধরে রাখার প্রবণতা তৈরি হয়, আর এই রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছেন। জুলাইয়ের আত্মত্যাগের চেতনা ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সেই ত্যাগ বৃথা যাবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।