অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর অগণতান্ত্রিক পথে এগোচ্ছে। সরকারের সমালোচনা করলেই হামলার শিকার হতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, দেশের মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বেড়েছে। কিন্তু বিরোধী দল হিসেবে এসব বিষয়ে কথা বললেই হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় এক কিশোরের চোখ নষ্ট হওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, “তারেক রহমান, আপনাকে ওই কিশোরের চোখ ফেরত দিতে হবে। কীভাবে ফেরত দেবেন জানি না, তবে এর জবাব দিতে হবে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা সরকারের সময় অনেক মানুষের ওপর নির্যাতন হয়েছে। এখন নতুন বাংলাদেশে আরেকজনের চোখ নষ্ট করে কী বার্তা দেওয়া হচ্ছে—জনগণ তা মেনে নেবে না।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাদের নাম ব্যবহার করে কোনো ধরনের সন্ত্রাস, দখল বা অনিয়ম মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, “গত ১৬ বছর মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেওয়া হবে না। সন্ত্রাস বন্ধ করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোনো ধরনের কারচুপি বা সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুরে গোলাপগঞ্জে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে নেতারা সিলেট সার্কিট হাউসে অবস্থান নেন। সেখান থেকে সন্ধ্যায় কানাইঘাটে গিয়ে কর্মসূচিতে অংশ নেন তারা।