অনলাইন নিউজ ডেস্ক
বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরাফাত হোসেন (২২) নামে এক যুবককে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশে একটি ক্লাবের কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন।
আরাফাত হোসেন উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযোগের কেন্দ্রে থাকা আতাউর রহমান সানি আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
আরাফাতের চাচা ও শ্রমিক দলের বিশনন্দী ইউনিয়ন শাখার সহসভাপতি দাইয়ান ফকিরের অভিযোগ, আড়াইহাজার থানার ভেতরে মোটরসাইকেল রেখে জিমে গিয়েছিলেন তার ভাতিজা। পরে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় কয়েকজন তাকে আটক করে পাশের ‘নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদ’ নামে একটি ক্লাবে নিয়ে যায়।
দাইয়ান ফকিরের দাবি, সেখানে ছাত্রদল নেতা আতাউর রহমান সানির নেতৃত্বে কয়েকজন আরাফাতকে মারধর করেন। পরে বিকাশের মাধ্যমে দুই দফায় তার কাছ থেকে মোট ২০ হাজার টাকা নেওয়া হয়।
তিনি বলেন, লোডশেডিং নিয়ে একটি ফেসবুক পোস্ট শেয়ার করার কারণে আরাফাতকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে মারধর করা হয়। এমনকি ‘ছাত্রলীগ করে’ এবং ‘সাবেক সংসদ সদস্যের লোক’—এমন অভিযোগ তুলে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করা হয় বলেও দাবি করেন তিনি।
দাইয়ান ফকির জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আরাফাতকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে থানায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান। এরপর আরাফাতকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ক্লাবের ভেতরে এক যুবককে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে। তবে মুক্তিপণ আদায়ের অভিযোগ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বিষয়টি পুলিশকে জানানোর পর ছাত্রদল নেতার পক্ষের লোকজন তাকে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেছেন দাইয়ান ফকির।
অভিযোগের বিষয়ে জানতে আতাউর রহমান সানির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন বলেন, আরাফাত নামে এক যুবককে মারধরের খবর তিনি পেয়েছেন। আতাউর রহমান সানিকেও তিনি চেনেন। তবে ঘটনার সময় তিনি আড়াইহাজারে ছিলেন না।
তিনি বলেন, ‘অপরাধমূলক কোনো কর্মকাণ্ড করলে সে ছাত্রদলেরই হোক কিংবা অন্য কেউ—প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে। বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।’
তবে মোবারক হোসেন অভিযোগ করেন, আরাফাত বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফেসবুকে লেখা ও ভিডিও শেয়ার করেছেন।