সিলেটের গোয়াইনঘাটে জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমদের নেতৃত্বে এক ঐতিহাসিক গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠ থেকে দলে দলে মিছিলসহকারে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গোয়াইনঘাটে এটি এখন পর্যন্ত সর্ববৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মতিন এবং পরিচালনা করেন সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান ছিদ্দিকি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা হলো এই দেশের অত্যাচারিত ও নিপীড়িত মানুষের মুক্তির সনদ। সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিলে রাষ্ট্রকাঠামো সংস্কারের এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও জনগণনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে আছি, থাকব। দেশের মানুষ আর অন্যায়ের শৃঙ্খল মেনে নেবে না।
সমাবেশে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো গোয়াইনঘাট জুড়ে ছিল মিছিলের ঢল ও ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানে মুখর পরিবেশ।