অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বিএনপি আরেকটি স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, এমনটি হলে দলটির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফেরার পথে তাকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটে।
এনসিপির অভিযোগ, গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তন এলাকা থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেন। পরে পাঁচমাইল এলাকায় দ্বিতীয় দফায় হামলায় দলের এক নেতা চোখে আঘাত পান। এ ঘটনায় সারজিস আলমসহ দলের নেতারা ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করেন।
সারজিস আলম অভিযোগ করেন, হামলাকারীরা রড ও চাপাতি নিয়ে তাদের গাড়িতে হামলা চালিয়েছে এবং ঘটনাটি হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি হবিগঞ্জে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, হামলার সঙ্গে ছাত্রদলের কোনো নেতা-কর্মী জড়িত নন। তার দাবি, দলীয়ভাবে কাউকে বাধা না দেওয়ার নির্দেশনা ছিল এবং ঘটনাটি অন্য কারণে ঘটেছে।
এদিকে সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ফেরার পথে কে বা কারা ঢিল ছুড়ে একটি গাড়ির কাচ ভেঙেছে। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পরও এনসিপি তাদের পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতারা পরে কানাইঘাটের উদ্দেশে রওনা হন।