অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার ক্ষেত্রে বিএনপি এমন আচরণ করছে, যা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, রাজনৈতিকভাবে এনসিপিকে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। তার দাবি, দলটির কর্মসূচি প্রতিহত করা এবং তাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।
তিনি বলেন, “বর্তমানে বিএনপি যেভাবে আমাদের বাধা দেওয়ার, প্রতিরোধ করার এবং গলা টিপে ধরার চেষ্টা করছে, তা আওয়ামী লীগের আচরণের মতো। তারা অন্তত কিছুটা হলেও নিজেদের অবস্থান তুলে ধরতে পারত, কিন্তু বিএনপি সেটিও করতে পারছে না।”
ছিনতাইয়ের মামলার বিষয়ে সারজিস আলম বলেন, “আমরা শুনেছি আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হয়েছে। প্রকৃতপক্ষে ছিনতাই হয়েছে বিএনপি ও তারেক রহমানের মান-সম্মানের। তাদের কর্মকাণ্ডের কারণেই জনগণের কাছে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।”
ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা এমন একটি কাজ করেছে, যা মানুষের কাছে হাস্যকর হয়ে উঠেছে। এটি তাদের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থারই প্রতিফলন।”
মামলা দায়েরের প্রসঙ্গেও প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, “যেখানে মামলাটি নেওয়া হয়েছে, আমার মনে হয় যিনি এটি লিখেছেন, তাকেও হয়তো পরিস্থিতির কারণে বাধ্য করা হয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ওপর হামলা, গাড়িবহরে ভাঙচুর এবং পরবর্তী সময়ে মামলা দায়েরের ঘটনাকে ঘিরে বিএনপি ও এনসিপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।