

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখালে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক জনাব মো. নাজিম উদ্দীনের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষক জনাব নাজিম উদ্দীন দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ এই প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার বিদায় উপলক্ষে মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব এনামুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জনাব আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ও পশ্চিম জেলা তালামীযে ইসলামিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক জনাব হাফিজ নুর হোসেন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাদির, পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব নাসির মিয়া এবং শিক্ষকদের পক্ষ থেকে হাফিজ সুলতান আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ সুহেল আহমদ, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জনাব জালাল উদ্দীন, সদস্য জনাব ফারুক আহমদ, জনাব আলমগীর হোসেন, খলিল মিয়া, সহকারী শিক্ষক জনাব আব্দুর রহমান ও সাকিব আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকের উজ্জ্বল ভবিষ্যৎ ও প্রবাস জীবনের সফলতা কামনা করে দোয়া করেন।



