আন্তর্জাতিক

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ও কৃষকের ফসল নষ্ট: পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও কৃষকের ফসল নষ্টের ঘটনায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সকাল ১১টার দিকে ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের পিন্নানগর ক্যাম্পের একটি টহল দল অবৈধভাবে সীমান্ত পিলার ১৩৪৫ অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় প্রবেশ করে। তারা স্থানীয় কৃষকের ফসলের বেড়া ও ফসল নষ্ট করে। পরে স্থানীয়দের বাধার মুখে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের ভেতরে ফিরে যায়।

ঘটনার পরপরই বিয়াবাইল বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। এরপর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

অদ্য ৩ নভেম্বর সকাল ১১টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি এর নেতৃত্বে বিজিবি এবং ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিএসএফ টহল দলের অনুপ্রবেশ ও কৃষকের ফসল নষ্টের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের এমন ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান চাই, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে বিজিবি সবসময় সতর্ক ও সজাগ থাকবে।

বিএসএফ কমান্ড্যান্ট ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্ষতিপূরণের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার আরও জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button