

অনলাইন নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকরা দেশের ও জনগণের স্বার্থে কাজ করেন এবং সত্য কথা বলেন ও লেখেন। নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু মানুষ সবসময় চেষ্টা করে, তবে এবার সেই চেষ্টা সফল হবে না।
তিনি বলেন, দেশের মানুষ জেগে উঠেছে। আমরা ভোট দেবই, কেউ তা ঠেকাতে পারবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভা চলাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এ সময় ঠাকুরগাঁওয়ের জুলাই শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে জমানো সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে সবাইকে মাঠে দাঁড়াতে হবে।



