

আওয়ামী লীগের ভোটাররা ধানের শীষে ভোট দেবে—রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলেও দলটি বড় রাজনৈতিক শক্তি এবং তাদের উল্লেখযোগ্যসংখ্যক ভোটার রয়েছে। তার দাবি, এসব ভোটারের কাছে বিএনপিই এখন সবচেয়ে নিরাপদ বিকল্প, তাই তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহ সদর উপজেলার পান্নাতলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, “জামায়াতের একমাত্র পুঁজি হলো—দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এমন প্রচার। তারা যেন মনে করে জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি।”
তিনি আরও বলেন, “জামায়াতের নেতাকর্মীরা মানুষের কাছে ভোট চাইতে যান, কিন্তু ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করা উচিত। এ কারণেই জনগণ জামায়াতকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে।”
গণসংযোগে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



