

নারী ও আদিবাসী প্রার্থী না দিয়েও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণা—সাঈদ খানের প্রশ্ন
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান বলেছেন, একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে সরকার গঠন করলে মন্ত্রিপরিষদে নারীদের অন্তর্ভুক্ত করার কথা বলেছে, কিন্তু তারা সংসদ সদস্য পদে একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি—এ অবস্থায় সেই ঘোষণা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর-1 আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে প্রচারণা শেষে তিনি এ মন্তব্য করেন।
সাঈদ খান বলেন, একইভাবে আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের কাউকে মনোনয়ন না দিয়েও তাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা পরস্পরবিরোধী। তিনি অভিযোগ করেন, ধর্ম প্রচারের নামে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা চলছে, যা সমাজে বিভক্তি সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং তারা নির্বাচন চায় না বলেও দাবি করেন। তার ভাষ্য, এ ধরনের রাজনীতি গণতান্ত্রিক ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আখতারুজ্জামান রাহাতসহ অন্যান্য নেতাকর্মী।



