আন্তর্জাতিক

ইরানে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের ক্রু উদ্ধার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে সংঘর্ষের সময় ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে উদ্ধার অভিযান এখনো সম্পূর্ণ শেষ হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন এক কর্মকর্তা জানান, তীব্র গোলাগুলির মধ্যে পরিচালিত অভিযানে যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাকে এখনো পুরোপুরি নিরাপদ স্থানে নেওয়া যায়নি এবং উদ্ধারকারী দল ইরান ত্যাগ না করা পর্যন্ত ঝুঁকি রয়ে গেছে।

ওই কর্মকর্তা আরও জানান, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের অন্য নিখোঁজ ক্রু সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী যুদ্ধবিমানটি ভূপাতিত করতে সক্ষম হলেও পাইলট নিরাপদে বের হয়ে যান। তাকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স অভিযান শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানি সূত্রের অভিযোগ, ভূপাতিত পাইলটকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালানোর চেষ্টা করছে। তাদের দাবি, সম্ভাব্য অবস্থানের সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন এলাকায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে।

এছাড়া আরেকজন নিখোঁজ ফ্লাইট ক্রু সদস্যকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র অভিযান চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে। তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button