সারাদেশ

৩ মে থেকে সারাদেশে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এর আগে উচ্চ ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে কর্মসূচি চালু করা হবে।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের অন্যান্য জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, ৩ মে থেকে সারাদেশের বাকি জেলা ও উপজেলাগুলোতে টিকাদান কার্যক্রম চালু করা হবে, যাতে শিশুদের হামের ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button