বাণিজ্যমন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে সাথে জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
এলডিসি গ্রাজুয়েশন পেছানো ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সাথে বৈঠক করেছেন জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল এবং ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি রাবাব ফাতিমা। রবিবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশন সময়সীমা পেছানো, উত্তরণ-পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ পরিকল্পিত ও ধাপে ধাপে উত্তরণ নিশ্চিত করতে চায়, যাতে অর্থনীতি, বাণিজ্য ও শিল্পখাত কোনো ঝুঁকির মুখে না পড়ে। এলডিসি গ্রাজুয়েশন-পরবর্তী সময় মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহায়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশন সময়সীমা পেছানো, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



