রাজনীতি

আল্লাহর ওপর আস্থা ও মুহাম্মদ (সা.)-এর আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র চালাবে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শকে ধারণ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছে বিএনপি। এ ক্ষেত্রে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর ন্যায়পরায়ণতা ও আদর্শকে অনুপ্রাণিত করে রাষ্ট্র ও সরকার পরিচালনার মূলমন্ত্র হবে ‘ন্যায়পরায়ণতা’।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহার-২০২৬ এ এসব অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, দলটি জবাবদিহিমূলক, দায়বদ্ধ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করবে। সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা হবে। রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হবে ‘সবার আগে বাংলাদেশ’।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়েছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদকে স্থান দেওয়া হবে না এবং গণতন্ত্রকে হত্যা করতে দেয়া হবে না। বাংলাদেশকে কারো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের জন্য ব্যবহৃত রাষ্ট্রে পরিণত হতে দেবে না।

সুনীতি, সুশাসন এবং সু-সরকারের সমন্বয়ের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। বিগত ফ্যাসিস্ট শাসনামলে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। বিএনপি জাতীয় ও স্থানীয় সব ধরনের নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে চাইছে এবং জনগণের ভোটকে রাষ্ট্রক্ষমতার একমাত্র বৈধ উৎস হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে।

দায়বদ্ধ এবং জনগণের সরাসরি ভোটে পরিচালিত রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের গণতান্ত্রিক অধিকার ও ভবিষ্যৎ নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। শুধু নির্বাচনের দিনেই নয়, বরং গণতন্ত্রকে নিত্যদিনের অনুশীলনে রূপান্তর করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button