

দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে তার প্রধান লক্ষ্য দ্রুত দেশে ফিরে চলমান আইনি জটিলতার সমাধান করা। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নির্বাসনে থাকা এই অলরাউন্ডার ক্রিকেট, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি আশাবাদী এবং ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়গুলো দ্রুত সমাধান করা গেলে শিগগিরই দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
দেশের বাইরে থাকার অনুভূতি তুলে ধরে তিনি বলেন, নিজের দেশে ফিরতে না পারাটা কষ্টের এবং তিনি দেশকে ভীষণভাবে মিস করেন। সবকিছু স্বাভাবিক হলে দ্রুত দেশে ফেরার প্রত্যাশাও ব্যক্ত করেন।
ক্রিকেট ক্যারিয়ার প্রসঙ্গে সাকিব বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ ভবিষ্যতেও থাকবে, তবে একজন ক্রিকেটারের সময় সীমিত হওয়ায় আপাতত পুরো মনোযোগ খেলাতেই রাখতে চান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সঙ্গে যোগাযোগ বিষয়ে তিনি জানান, মাঝে মধ্যে আলোচনা হলেও বেশিরভাগ বিষয় তাকে ব্যক্তিগতভাবেই সামলাতে হচ্ছে। বোর্ড সরাসরি আইনি প্রক্রিয়ায় যুক্ত হলে সমাধান আরও দ্রুত হতে পারত বলেও মত দেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার আগে দেশ ছাড়ার পর প্রায় দুই বছর ধরে তিনি দেশে ফিরতে পারেননি। বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার।



