

ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায় সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির নেশায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রিলের জন্য ফাঁসির দৃশ্য অভিনয় করতে গিয়ে ২৭ বছর বয়সী মোহিনী মারা গেছেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়া আসক্তি ও রিল তৈরির প্রতিযোগিতামূলক প্রবণতার ভয়াবহ পরিণতির একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার এনডিটিভি জানিয়েছে, বান্দা জেলার মোহিনী তার বাড়িতে মোবাইল ফোনে রিল তৈরি করার জন্য একটি দৃশ্য সাজিয়েছিলেন। তিনি গলায় ফাঁসের মতো দড়ি বেঁধে একটি টুলের ওপর দাঁড়ান এবং সেটি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটে। টুল থেকে পা পিছলে যাওয়াই ঘটেছে নাকি ভারসাম্য হারানো—তা নিশ্চিত নয়। যাই হোক, দড়িটি গলায় চেপে বসে এবং মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসে তার চার বছর বয়সী কন্যার চোখে। শিশুটি ঘরে ঢোকে এবং মাকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার করে ওঠে। আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে হতবাক হয়ে ঘটনাস্থল দেখেন।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। রিল তোলার সময় অভিনয়ের দৃশ্য সত্যিকারের মৃত্যুর রূপ নেয়। তবে পুরো ঘটনাটি বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারটি গভীর শোকে মুহ্যমান। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার তাড়নায় ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরির প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে।



