আন্তর্জাতিক

বিশ্বসম্প্রদায়ের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: শফিকুর রহমান

কূটনীতিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

রাজধানীতে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইফতার মাহফিলে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ শরণার্থী সংস্থা (UNHCR), ইউনিসেফ, জাতিসংঘ মাদক ও অপরাধ দপ্তর (UNODC), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)–সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবদুর রব, ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জাহিদুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান উপস্থিত কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, পবিত্র রমজানের শিক্ষা মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবকল্যাণের দিকে আহ্বান জানায়। এ মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
পরিশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button