

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনে প্রায় ১৩ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় তাদের ভোটে চোখ এখন প্রার্থীদের। বিশেষ করে জেন-জি প্রজন্মের তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্রিয় প্রচার চালাচ্ছেন তারা। বিশ্লেষকদের মতে, তরুণদের পাশাপাশি নারী ও প্রবাসী ভোটও জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবার সিলেট বিভাগে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ৬৮ হাজারের বেশি। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ১৩ লাখেরও বেশি বৃদ্ধি।
এছাড়া বিভাগের চার জেলায় ১ লাখ ৩ হাজার ১৬৭ জন প্রবাসী বাংলাদেশি ও সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ফলে পোস্টাল ভোটও নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ইসির সর্বশেষ হিসাবে, সিলেট বিভাগের মোট ভোটার ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন। এর মধ্যে পুরুষ ৪৭ লাখ ৫৪ হাজার ৯৪১ জন এবং নারী ৪৪ লাখ ১৩ হাজার ১২৫ জন। আগের নির্বাচনে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ৫৪ হাজার ৫০৭—অর্থাৎ এবার বেড়েছে ১৩ লাখ ১৩ হাজার ৫৫৯ জন।
জেলা অনুযায়ী সিলেট জেলায় ভোটার সবচেয়ে বেশি—৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০, নারী ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ এবং হিজড়া ভোটার ১৮ জন। আগের নির্বাচনের তুলনায় এ জেলায় ভোটার বেড়েছে প্রায় ৩ লাখ ৯৮ হাজার।
সুনামগঞ্জ জেলায় ভোটার ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন—পুরুষ ১১ লাখ ৭৭ হাজার ৭২৬, নারী ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ এবং হিজড়া ৩৩ জন। এখানে ভোটার বেড়েছে প্রায় ৩ লাখ ৫২ হাজার।
হবিগঞ্জ জেলায় মোট ভোটার ২০ লাখ ৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৩২ হাজার ৩৪৫, নারী ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ এবং হিজড়া ২৮ জন। এ জেলায় ভোটার বেড়েছে ১ লাখ ৮৩ হাজারের বেশি।
সবচেয়ে কম ভোটার মৌলভীবাজার জেলায়—১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন। পুরুষ ৯ লাখ ১৯ হাজার ৮১৩, নারী ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ এবং হিজড়া ৮ জন। এখানে ভোটার বেড়েছে প্রায় ২ লাখ ৫৬ হাজার।
পোস্টাল ভোটার নিবন্ধনের দিক থেকে সিলেট জেলা শীর্ষে—৪৫ হাজার ৮০৬ জন। এরপর মৌলভীবাজারে ২৩ হাজার ৭৯৮, সুনামগঞ্জে ১৮ হাজার ১৫৩ এবং হবিগঞ্জে ১৫ হাজার ৪১০ জন নিবন্ধন করেছেন। এ তালিকায় প্রবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট জেলার সরকারি চাকরিজীবীরাও অন্তর্ভুক্ত।
ইসির তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য সহকারী ডলি রানী সূত্রধরের গবেষণা মতে, এবারের নির্বাচনে তরুণ ভোটাররা বড় ফ্যাক্টর হয়ে উঠবেন। তার মতে, তরুণ, নারী ও প্রবাসী ভোটই অনেক আসনে ফল নির্ধারণ করবে।



