প্রবাস

দুবাইয়ে নিহত বড়লেখার প্রবাসী আহমদ আলীর মরদেহ দেশে, বিমানবন্দরে গ্রহণ করলেন পররাষ্ট্র ও প্রবাসী প্রতিমন্ত্রীরা

স্টাফ রিপোর্টার
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, ইরান–ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বাহরাইনে একজন, দুবাইয়ে একজন এবং সৌদি আরবে দুজন রয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকট শুরু হওয়ার পর থেকে কিছু ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংকটে পড়া যাত্রীদের সহায়তা এবং থাকার ব্যবস্থা নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, সৌদি আরবে নিহতদের পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলো তাঁদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলে জানান তিনি।
এ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের আইনবিরোধী কোনো কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্যও সতর্ক করেন।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাশে থাকতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button