লন্ডনে বাংলাদেশ–যুক্তরাজ্য উচ্চপর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ব্লু ইকোনমিতে নতুন দিগন্তের ইঙ্গিত

স্টাফ রিপোর্টার
লন্ডনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট এমপির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার নানা উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে চলতি মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে পারস্পরিক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন দুই পক্ষ।
এর আগে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়নে প্রতিনিধিদলটি এ বিষয়ে আরও দুটি পৃথক বৈঠকও করে।
এদিকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৭–২০৩৬ মেয়াদের বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ডাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিজের প্রার্থিতা তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম এবং আন্তঃসরকারি নির্বাচনে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করা হয়। ভবিষ্যতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।



