

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আচরণবিধি লঙ্ঘনের দুইটি অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তার বিরুদ্ধে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এই জরিমানা দেন।
আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারীর নাম ও ঠিকানা না থাকায় অভিযোগ জমা পড়ে। এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।
এছাড়া তার ব্যানারে অনুমোদিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহার করার আরও একটি অভিযোগ জমা পড়ে। উভয় অভিযোগের শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।



