আন্তর্জাতিক

হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক

ব্রিটেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ উইলিয়াম সৌদি আরবে প্রথমবারের জন্য আনুষ্ঠানিক সফরে গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

তিন দিনের এই সফরের অংশ হিসেবে উইলিয়াম সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। সম্প্রতি লন্ডন উপসাগরীয় দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে।

কিছুদিনের মধ্যে দুই দেশ কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে। এ সফরের মূল লক্ষ্য হলো বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করা।

দীর্ঘদিন ধরে সৌদি ও ব্রিটিশ রাজপরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। রিয়াদকে উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে লন্ডন।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জীবদ্দশায় চারবার সৌদি রাজপরিবারের সদস্যরা যুক্তরাজ্য সফর করেছেন। সর্বশেষ ২০১৮ সালের মার্চে যুবরাজ উইলিয়াম সৌদি যুবরাজ সালমানের সঙ্গে ক্ল্যারেন্স হাউসে সাক্ষাৎ করেন, যেখানে তৎকালীন যুবরাজ চার্লস নৈশভোজের আয়োজন করেছিলেন।

এই সফরে উইলিয়াম সৌদি যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের ঐতিহ্যবাহী অঞ্চল আত-তুরাইফ পরিদর্শন করবেন। এছাড়া সৌদি তরুণ-তরুণী ও নারীদের সঙ্গে সাক্ষাৎ করে দেশটির টেকসই ও নাগরিক উন্নয়ন পরিকল্পনা, ক্রীড়া, ই-স্পোর্টস, সাংস্কৃতিক সহযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে ধারণা নেবেন। সফরের এক পর্যায়ে তিনি প্রাচীন শহর আলুলাও পরিদর্শন করবেন।

সৌদি রাজপ্রাসাদের পক্ষ থেকে এই সফরের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও যুবরাজ সালমানের সঙ্গে রিয়াদে সাক্ষাৎ করেছিলেন। গত অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা মিলিয়ে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৩.১ বিলিয়ন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button